ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস্টনের স্যাবাইনা পার্কে বৃহস্পতিবার থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচ ড্র করলেই সিরিজ জিতে যাবে স্বাগতিকরা।
অ্যান্টিগায় প্রথম টেস্ট ৯ উইকেটে জিতেছে ক্যারিবীয়রা।
বাংলাদেশ ও জিম্বাবুয়ে বাদে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট সিরিজ জয় প্রায় সাড়ে তিন বছর আগে। ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজে তারা ১-০ ব্যবধানে হারিয়েছিলো ইংল্যান্ডকে।
ঐ সিরিজের অধিনায়ক ক্রিস গেইল প্রায় দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই ক্যারিবীয়দের জয়ের নায়ক। গেইলের ১৫০ ও অপরাজিত ৬৪ রানের দুটো চমৎকার ইনিংসেই অ্যান্টিগায় ড্যারেন স্যামির দলের জয়ের সোপান রচিত।
নিউজিল্যান্ডের জন্য দুঃসংবাদ, পায়ের পেশিতে টান পড়ায় দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি কিংস্টনে খেলতে পারবেন না।
চোটের কারণে পেসার রবি রামপলকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৮ঘ.
bdnews24