ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ৫ ম্যাচের সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কাকে জিততেই হবে। অন্যদিকে ২-১এ এগিয়ে থাকা ভারতের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করা।
শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজে ভারতের সাফল্যের হার ভালোই। ১৯৯৭ সালে শ্রীলঙ্কায় সর্বশেষ ওয়ানডে সিরিজে হেরেছিলো তারা।
শনিবার প্রেমাদাসা স্টেডিয়ামেই গৌতম গম্ভীরের শতক ও সুরেশ রায়নার ঝড়ো অর্ধশতক ২৮৭ রানের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলো বিশ্ব চ্যাম্পিয়নদের। যদিও এই মাঠে কৃত্রিম আলোয় ব্যাট করা বেশ কঠিন।
শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ, তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় আঙ্গুলে চোট পাওয়ায় কুমার সাঙ্গাকারাকে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে।
স্বাগতিকদের বহু জয়ের নায়ক সাঙ্গাকারার বদলে মঙ্গলবার খেলতে পারেন লাহিরু থিরিমান্নে। উইকেটরক্ষণের দায়িত্ব থাকবে দীনেশ চান্দিমালের কাঁধে।
পরিবর্তন আসতে পারে ভারতীয় দলেও। শনিবার প্রথম বলেই আউট হয়ে যাওয়া রোহিত শর্মার বদলে সুযোগ পেতে পারেন মনোজ তিওয়ারি। সেদিন ১০ ওভারে ৭৬ রান দেয়া বাংলার পেসার অশোক দিন্দার জায়গায় দেখা যেতে পারে উমেশ যাদবকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৫ঘ.
bdnews24