ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমার সাঙ্গাকারার চোটকে ‘শাপে বর’ হিসেবে মনে করছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার অধিনায়কের মতে, এই চোট সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কাতেই অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিছু দিন বিশ্রাম নেয়ার সুযোগ করে দিয়েছে তাকে।
শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় অশোক দিন্দার বলে আঙ্গুলে চোট পান সাঙ্গাকারা। শ্রীলঙ্কার অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
দীর্ঘ দিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুর চোট প্রসঙ্গে জয়াবর্ধনে বলেন, “প্রায় দুই বছর সে (সাঙ্গাকারা) বিশ্রাম নেয়ার কোনো সুযোগ পায়নি। যদিও এই চোট দুর্ভাগ্যজনক, তবে এবার সে তার প্রাপ্য বিশ্রামটা পাবে। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।”
মঙ্গলবার একই মাঠে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪০ঘ.
bdnews24