২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ক্রিকেট বিশ্বকাপ: বাংলাদেশের লক্ষ্য ‘কাপ’ পর্ব

গ্রুপ পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে যুব ক্রিকেট বিশ্বকাপের ‘কাপ’ পর্বে ওঠার সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন দলের কোচ সারোয়ার ইমরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 09:52 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রুপ পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে যুব ক্রিকেট বিশ্বকাপের ‘কাপ’ পর্বে ওঠার সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করেন দলের কোচ সারোয়ার ইমরান। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অগাস্টে অনুষ্ঠিত হচ্ছে নবম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এ উপলক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইমরান বলেন, “কাপে খেলার সামর্থ্য ও সম্ভাবনা বাংলাদেশ দলের রয়েছে। যদিও গ্রুপে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো দুটি শক্তিশালী দল রয়েছে।” “কাপ পর্বে খেলতে হলে এদের যে কোনো একটি দলকে হারাতেই হবে। তবে সেক্ষেত্রে রান রেটের জটিল হিসেব-নিকেশের মধ্যে পড়তে হতে পারে। সেটি আমরা চাই না, দুই দলকে হারিয়েই কাপ পর্বে খেলতে চাই আমরা,” যোগ করেন তিনি। প্রতিটি গ্র“পের সেরা দুই দল ‘কাপ’ পর্বে খেলার সুযোগ পাবে। বাকি দুই দল খেলবে ‘প্লেট’ পর্যায়ে। ‘ডি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলুড়ে দুই দেশ ছাড়াও রয়েছে নামিবিয়া। যুব এশিয়া কাপে ব্যর্থতার পর অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব দেয়া হয় ইমরানকে। দায়িত্ব নেওয়ার পর যথেষ্ট সময় পেয়েছেন কী না জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় যথেষ্ট সময়ই পেয়েছি। এই দলের যারা মূল খেলোয়াড় তারা অ্যাকাডেমিতে ছিল, অনেকে লিগে খেলেছে। বিপিএলেও অনেকে আমার অধীনে খেলেছে।” “বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনটি ম্যাচে খেলোয়াড়দের দেখেছি। এছাড়া অস্ট্রেলিয়ায়ও চারটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে তাদের সম্পর্কে আরো গভীরভাবে জানার সুযোগ হবে,” যোগ করেন বাংলাদেশের প্রথম টেস্টের কোচ। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইমরান। তিনি বলেন, “যুব বিশ্বকাপের জন্য এই দলটি দুই বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। আমি দায়িত্ব নেয়ার সময় পেসারদের চোট থাকলেও এখন তারা সুস্থ। এছাড়া ছোটখাটো কিছু চোট এখনো রয়েছে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে যাবেন।” সংবাদ সম্মেলনে হেড অব ডেলিগেশন ও বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও অধিনায়ক আনামুল হক বিজয়ও ছিলেন। আলমগীর বলেন, “যুব এশিয়া কাপের পর দলের ম্যানেজমেন্ট নতুন করে সাজানো হয়েছে। অতীতেও যুব বিশ্বকাপে বাংলাদেশ ভালো করেছে। এবারের দলটিও বেশ শক্তিশালী, আমরা তাদের কাছ থেকে ভালো ফল আশা করছি।” ১১ অগাস্ট শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ও পরদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগে ৭ ও ৮ অগাস্ট দুটি ‘অফিসিয়াল’ এবং প্রথম সপ্তাহে দুটি ‘আনঅফিসিয়াল’ প্রস্তুতি ম্যাচ খেলবে আনামুল হকের দল। ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া যুব বিশ্বকাপে এ পর্যন্ত আট বার অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ২০০২, ২০০৬ ও ২০০৮ সালে কাপ পর্বে খেলেছে দলটি। প্লেটের বর্তমান চ্যাম্পিয়ন দল বাংলাদেশ এর আগে ১৯৯৮ সালে ও দেশে অনুষ্ঠিত ২০০৪ সালের আসরেও প্লেট শিরোপা জেতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৫৪০ ঘ.