ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়াকার ইউনিসের অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার স্বপ্ন ভেঙ্গে গেছে। পাকিস্তানের সাবেক গতি-তারকার সাক্ষাৎকার নেয়ার পর তাকে দায়িত্বটা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দুই মাস আগে অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন ক্রেইগ ম্যাকডারমট। অস্ট্রেলিয়ার সাবেক পেসারের উত্তরসূরী হয়ে দেশটির তরুণ পেসারদের নিয়ে কাজ করার ইচ্ছা ছিলো ওয়াকারের।
নব্বইয়ের দশকে ওয়াসিম আকরামের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়া ওয়াকার এ প্রসঙ্গে বলেন, “আমি (অস্ট্রেলিয়ার বোলিং কোচ) হতে আগ্রহী ছিলাম। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া ও আমার মধ্যে সমঝোতা হয়নি।”
৩৭৩টি টেস্ট উইকেটের মালিক, রিভার্স সুইংয়ের অন্যতম সেরা শিল্পী ওয়াকারের বর্তমান আবাস সিডনিতে। অস্ট্রেলিয়াতেই কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা তার।
তিনি বলেন, “আমি অস্ট্রেলিয়ায় কাজ করতে চাই। হতে পারে সেটা তরুণদের সঙ্গে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা শেষ। এখন অন্য কিছু নিয়ে ভাবতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৮ঘ.
bdnews24