ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতীয় ইনিংস চলার সময় ব্যাটিং পাওয়ারপ্লে নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
গত শনিবারের ঐ ম্যাচে ১৭তম ওভারে বিরাট কোহলি টুপির জন্য সাজঘরের দিকে ইশারা করেন। তবে আম্পায়ার ব্র“স অক্সেনফোর্ড মনে করেন কোহলি পাওয়ারপ্লে নিতে চাইছেন। তাই তিনিও পাওয়ারপ্লের নির্দেশ দেন।
টেলিভিশন চ্যানেল টেন ক্রিকেটের ধারাভাষ্যকাররা এ সময় বিস্ময় প্রকাশ করেন। এত আগে কোনো দলই সাধারণত ব্যাটিং পাওয়ারপ্লে নেয় না। এটা ভারতের নতুন কৌশল কিনা, তা নিয়েও আলোচনা করেন ধারাভাষ্যকাররা।
কোহলি ও তার সঙ্গে থাকা বীরেন্দর শেবাগ কিন্তু ব্যাপারটা বুঝতেই পারেননি। তাই তারা আক্রমণাত্মক
না হয়ে ধীরে-সুস্থে ব্যাট করেন। ঐ ৫ ওভারে বিনা উইকেটে ৩২ রান করে ভারত। পরে অতিথিরা ব্যাটিং পাওয়ারপ্লে নিতে চাইলে জানতে পারে, তা আগেই নেয়া হয়ে গেছে!
এ প্রসঙ্গে শেবাগ বলেন, “আম্পায়ারকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি আমাকে জানান, কোহলি পাওয়ারপ্লের ইশারা করেছিলো।”
“কোহলির কাছে জানতে চাইলে সে পাওয়ারপ্লে নয়, টুপি চাওয়ার কথা বলে। আসলে এটা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০৬ঘ.
bdnews24