ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিচি ব্যারিংটনের কাছেই হেরে গেল বাংলাদেশ। ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের শতকের পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় একমাত্র টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের কাছে ৩৪ রানে হেরেছে বাংলাদেশ।
ইউরোপ সফরে এটাই বাংলাদেশের প্রথম হার। বুধবার স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে একই মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলবে মুশফিকুর রহিমের দল।
দি হেগের স্পোর্টসপার্ক ওয়েস্টভিলিয়েটে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬২ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৮ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে রান আউট হয়ে ২৮ রানেই বিদায় নেন মোহাম্মদ আশরাফুল। ৯ রান পর আশরাফুলকে অনুসরণ করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (২২)।
এরপর মিডল অর্ডারের চার স্তম্ভ অধিনায়ক মুশফিকুর রহিম (৯), মাহমুদুল্লাহ রিয়াদ (৯), নাসির হোসেন (৭) ও জিয়াউর রহমানের (৯) দ্রুত বিদায় দলের বিপদ বাড়ায়।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (৩১) চেষ্টা করেছিলেন, কিন্তু ১৬তম ওভারের প্রথম বলে বিদায় নেন তিনিও। এরপর আর বেশিদূর এগোয়নি বাংলাদেশের ইনিংস।
তামিম, সাকিবের পর কেবল মাশরাফি বিন মুর্তজা (১৫) পৌঁছান দুই অঙ্কের কোঠায়।
স্কটল্যান্ডের পক্ষে জশ ডেভি ও মাজিদ হক তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ক্যালাম ম্যাকলিয়ডের (১৯) সঙ্গে ব্যারিংটনের ২৮ রানের উদ্বোধনী জুটি স্কটল্যান্ডকে ভালো সূচনা এনে দেয়। এর পর জ্যান স্ট্যানডার রানের খাতা খুলার আগেই বিদায় নিলেও তার ধাক্কা দলের ওপর পড়তে দেননি ব্যারিংটন।
তৃতীয় উইকেটে কাইল কোয়েটজারের (১৪) সঙ্গে ৩৮ ও চতুর্থ উইকেটে প্রেস্টন মোমসেনের (১২) সঙ্গে ৬৪ রানের দুটি কার্যকর জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ব্যারিংটন।
আব্দুর রাজ্জাকের করা ১৯তম ওভারের প্রথম বলে মোমসেন রান আউট হয়ে সাজঘরে ফেরার ৪ বল পরে তাকে অনুসরণ করেন ব্যারিংটন (১০০)। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া স্কটল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৫৬ বলের ইনিংসে ১০টি চার ও ৫টি ছক্কা। এটি ব্যারিংটনের প্রথম শতক। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতক করলেন তিনি।
শেষ দুই ওভারে চার উইকেট হারিয়ে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় স্কটল্যান্ড।
২২ রানে ২ উইকেট নিয়ে মাশরাফি বাংলাদেশের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১২ ঘ.
bdnews24