ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকির চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলতে পারছেন না শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলাসেকারা। শনিবার প্রথম ম্যাচে খেলার সময় চোট পান তিনি।
শ্রীলঙ্কা দলের ম্যানেজার চারিথ সেনানায়েকে রোববার বলেন, “কুলাসেকারার চোটের অবস্থা এখনো অজানা। তবে এটা নিশ্চিত যে এই সিরিজে তিনি আর খেলতে পারবেন না।”
প্রথম ম্যাচের একাদশ ওভারে মিড-অফে বীরেন্দর শেবাগের ক্যাচ ধরতে গিয়ে চোট পান কুলাসেকারা। ম্যাচটি ২১ রানে জেতে ভারত।
কুলাসেকারার জায়গায় কাকে নেয়া হবে তা এখনো জানায়নি শ্রীলঙ্কা।
২৪ জুলাই হাম্বানটোটায় দ্বিতীয় ওয়ানডে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০২১ঘ.
bdnews24