ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স দল। এই সফরে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে অতিথিরা।
১২ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজের দলটির। ১৬ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলবে তারা।
খুলনায় এই একটি ম্যাচই হবে। প্রথমটি ম্যাচটি ছাড়া বাকি সব ম্যাচে অতিথিদের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’ দল।
২২ সেপ্টেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।
ওয়ানডে তিনটি ২৮ ও ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। আর ৪ ও ৫ অক্টোবর দুটি টি-টোয়েন্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৪ঘ.
bdnews24