ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাশিম আমলা ও গ্রায়েম স্মিথের শতকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ২ উইকেটে ৪০৩ রান করে ১৮ রানে এগিয়ে অতিথিরা।
আমলা ১৮৩ ও জ্যাক ক্যালিস ৮২ রান নিয়ে ব্যাট করছেন। তৃতীয় উইকেটে তারা এ পর্যন্ত ১৪৩ রানের অবিচ্ছিন্ন গড়েছেন।
আমলার ৩৬৯ বলের ইনিংসে ২২টি চার। এটি তার ১৫তম শতক।
১ উইকেটে ৮৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৮৫ রানের জুটিকে এদিন ২৫৯ পর্যন্ত নিয়ে যায় আমলা ও স্মিথ। দলীয় ২৬০ রানে বিদায় নেয়ার আগে স্মিথ করেন ১৩১ রান। এটি তার ২৫তম শতক। ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতক করলেন তিনি।
তার ২৭৩ বলের ইনিংসে ২০টি চার। প্রথম দিকে অবশ্য খুব সতর্ক ছিলেন তিনি। ১৬০ বলে অর্ধশতকে পৌঁছান তিনি, যা তার ক্যারিয়ারের সবচেয়ে শ্লথতম। দ্বিতীয় অর্ধশতকে পৌঁছাতে সময় নেন মাত্র ৪১ বল।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৮৫ (স্মিথ ০, কুক ১১৫, ট্রট ৭১, পিটারসেন ৪২, বেল ১৩, বোপারা ০, প্রায়র ৬০, ব্রেসনান ৮, ব্রড ১৬, সোয়ান ১৫, অ্যান্ডারসন ২*; মরকেল ৪/৭২, ক্যালিস ২/৩৮, স্টেইন ২/৯৯, তাহির ১/৬১, ফিল্যান্ডার ১/৭৯)
দক্ষিণ আফ্রিকা: ৪০৩/২ (স্মিথ ১৩১, পিটারসন ০, আমলা ১৮৩* ক্যালিস ৮২*: ব্রেসনান ১/৭৭, অ্যান্ডারসন ১/৯০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৮ ঘ.
bdnews24