ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত মে মাসে আইপিএল চলার সময় মুম্বাইয়ে একটি পার্টিতে মাদক গ্রহণ ও পুলিশের সঙ্গে মারামারি করার অভিযোগ উঠেছিলো রাহুল শর্মা ও ওয়েইন পারনেলের বিরুদ্ধে। তবে তাদের কোনো শাস্তি দেয়ার আগে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শনিবার বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, “তাড়াহুড়া করে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না। প্রথমে আমরা (তাদের বিরুদ্ধে) ওঠা রিপোর্ট পর্যবেক্ষণ করে দেখবো।”
“তদন্তে দোষী প্রমাণিত হলে বোর্ডের আচরণবিধি অনুযায়ী তাদের শাস্তি দেয়া হবে,” যোগ করেন তিনি।
পুলিশ অবশ্য জানিয়েছে, তাদের হাতে দুজনেরই মাদক নেয়ার প্রমাণ আছে।
ভারতের লেগ স্পিনার রাহুল শর্মা ও দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার পারনেল এবারের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০০৩ঘ.
bdnews24