ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথিরা।
সিরিজ জয়ের পাশাপাশি আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্থান পেল বাংলাদেশ। এ জয়ের ফলে ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে টপকে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে রয়েছে বাংলাদেশ।
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নাসির হোসেনের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ৬ উইকেটে ১৪৫ রানেই থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
জবাবে অধিনায়ক উইলিয়াম পোর্টরফিল্ডের (১৪) সঙ্গে স্টারলিংয়ের ৩১ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের ভালো সূচনা এনে দেয়। নিজের দ্বিতীয় ওভারে দলীয় ৪৯ রানে স্টারলিংকে (২৬) ইলিয়াস সানি ফিরিয়ে দিলে রানের গতি একটু কমে আয়ারল্যান্ডের।
তৃতীয় উইকেটে গ্যারি উইলসনের (৩৭) সঙ্গে এড জয়েসের ৫৫ রানের জুটি স্বাগতিকদের খুব ভালো অবস্থানে নিয়ে আসে। সানির শেষ বলে উইলসন বিদায় নিলে খেলায় ফিরে বাংলাদেশ। এরপর বিপদজনক কেভিন ও’ব্রায়েনকে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন আব্দুর রাজ্জাক।
তারপরও আশা টিকিয়ে রেখেছিলেন জয়েস (৪১)। তবে নিজের শেষ দুই ওভারে ১২ রান দিয়ে রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেন মাহমুদুল্লাহ।
শেষ ওভারে জয়ের জন্য কেবল ১০ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। প্রথম চার বলে কেবল ২ রান দিয়ে স্বাগতিকদের স্বপ্ন ভেঙ্গে দেন মাহমুদুল্লাহ। চতুর্থ ও পঞ্চম বলে দুই উইকেট তুলে নিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। এর আগে ১৮ তম ওভারে দেন কেবল ৪ রান।
ইনিংসের শেষ বলে জন মুনি ছক্কা হাঁকালেও তা স্বাগতিকদের হতাশাই বাড়িয়েছে কেবল।
বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ ও সানি দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের তৃতীয় বলে দলীয় ১২ রানে তামিম ইকবালের (০) বিদায়ে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয় নি।
আক্রমণাত্মক মেজাজে শুরু করলেও বেশিক্ষণ টেকেন নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (১১) ও অধিনায়ক মুশফিকুর রহিম (১৪)। দলীয় ৫৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুশফিকের বিদায়ের স্বাগতিক বোলাররা চেপে ধরে অতিথিদের।
সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দ্রুত বিদায় অতিথিদের বিপদ বাড়ায় আরো। তবে পঞ্চম উইকেটে নাসির হোসেনের সঙ্গে মোহাম্মদ আশরাফুলের (৪৬ বলে ৩৮ রান) সতর্ক ৩৭ রানের জুটি ধাক্কা সামাল দেয়।
১৭তম ওভারের প্রথম বলে আশরাফুল বিদায় নেয়ার সময় অতিথিদের স্কোর ৯৮/৫। ষষ্ঠ উইকেটে জিয়াউর রহমানের (৭ বলে ১৪ রান) সঙ্গে ১২ বলে ২৫ এবং সপ্তম উইকেটে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ১১ বলে ২৩ রানের অবিচ্ছিন্ন জুুটি গড়ে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান নাসির।
শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত থাকেন নাসির। এটি তার প্রথম অর্ধশতক। তার ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা।
৩৪ রানে ২ উইকেট নিয়ে ম্যাক্স সোরেনসেন আয়ারল্যান্ডের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১১৪ ঘ.
bdnews24