ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার ওশাদি বীরাসিংহে। ছয় মাসের জন্য এই দায়িত্ব পেয়েছেন তিনি।
আয়ারল্যান্ড সফরের প্রস্তুতি নিতে মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন করছে ৩২ সদস্যের প্রাথমিক দল। বৃহস্পতিবার তাদের সঙ্গে দেখা হয় নি ওশাদির। শুক্রবার সকাল দশটায় ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্ব সারবেন তিনি।
এই পরিচয় পর্ব দিয়েই শেষ হবে প্রথম পর্যায়ের ক্যাম্প। ২১ জুলাই থেকে ২০ জনকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প শুরু হবে। এই ক্যাম্প চলবে মধ্য অগাস্ট পর্যন্ত।
আয়ারল্যান্ড সফরে আইরিশদের বিপক্ষে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়া এই সফরে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবেন মহিলা ক্রিকেটাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০০৩ঘ.
bdnews24