ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তানের আয়ের অংশ চাওয়ার খবর উড়িয়ে দিয়েছে পিসিবি। ৫ বছরের মধ্যে এটাই হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম সিরিজ।
পিসিবির মুখপাত্র নাদিম সারোয়ার জানিয়েছেন, ভারতের সঙ্গে সিরিজ শুরু করাই পিসিবির প্রথম ও প্রধান লক্ষ্য। তাদের কাছে অর্থনৈতিক বিষয় মোটেই গুরুত্বপূর্ণ নয়।
সোমবার পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে ভারত। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এটাই হতে যাচ্ছে দুই দলের প্রথম সিরিজ।
সারোয়ার বলেন, “পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক পুনঃস্থাপন এবং পিসিবি সভাপতি জাকা আশরাফ এটাকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। তার কারণেই গত অক্টোবর থেকে আমরা সমঝোতার চেষ্টা শুরু করি।”
কোনো সিরিজের আয়োজক দেশই আর্থিকভাবে লাভবান হয়। তবে সংবাদ মাধ্যমে পিসিবির আয়ের অংশ দাবি করার খবর প্রকাশিত হয়। ভারত-পাকিস্তান সিরিজে টিভি স্বত্ব থেকেই আড়াই কোটি ডলার আসার কথা। যদিও ভারতের বিশাল দর্শকের কারণে এই অঙ্ক আরো বাড়তে পারে।
তবে সংবাদ মাধ্যমের এই খবর উড়িয়ে দিয়ে সারোয়ার বলেন, “আয়ের অংশ ভাগাভাগির ব্যাপারে কোনো আলোচনাই হয় নি। এ ব্যাপারে যে খবর বেড়িয়েছে তাতে পিসিবির কথা প্রতিফলিত হয়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২৫ঘ.
bdnews24