২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়াবর্ধনের এসএলপিএল বয়কটের হুমকি

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কেন্দ্রীয় চুক্তিজনিত সমস্যার নিষ্পত্তি না করলে স্থানীয় খেলোয়াড়রা আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) বয়কট করতে পারে বলে জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কেন্দ্রীয় চুক্তিজনিত সমস্যার নিষ্পত্তি না করলে স্থানীয় খেলোয়াড়রা আসন্ন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) বয়কট করতে পারে বলে জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, “শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির নিষ্পত্তি হলেই আমরা এসএলপিএলের চুক্তিতে স্বাক্ষর করবো। মাস খানেক আগে পাকিস্তানের সফরের ঠিক আগে আমরা এ নিয়ে আলোচনাও করেছিলাম। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে এ ব্যাপারে আমরা সমাধানে পৌঁছাতে পারবো।” এসএলসি সভাপতি উপালি ধর্মদাসা জানিয়েছেন, ২৫ জুলাইয়ের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। গত মার্চ থেকেই খেলোয়াড়দের সঙ্গে এ ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে বোর্ড । গত ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে হাম্বানটোটা ও পাল্লে¬কেলেতে দুটো আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণ এবং কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সংস্কারের কারণে এসএলসির প্রায় ৭ কোটি ডলার ঋণ হয়েছিলো। সেজন্য আট মাস খেলোয়াড়দের বেতন দিতেও পারেনি তারা। আগের চুক্তি শেষ হয়ে গেলেও বেতন পাচ্ছেন না ক্রিকেটাররা। আবার নতুন চুক্তিও করছে না বোর্ড। সব মিলিয়ে জটিলতা বাড়ছেই। তবে এই জটিলতার মধ্যেই আগামী ১০ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এসএলপিএলের প্রথম আসরের জন্য ১০৭ জন শ্রীলঙ্কান ও ৫৬ জন বিদেশী খেলোয়াড়ের নাম তালিকাভুক্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩১০ঘ.