২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীলের নৈপুণ্যে শেষ ম্যাচেও জিতলো ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো আগেই। তাই পঞ্চম ওয়ানডেটি ছিলো শুধুই আনুষ্ঠানিকতা। সোমবার সুনীল নারায়ণের চমৎকার বোলিংয়ে ওই ম্যাচ ২০ রানে জিতে জয়ের ব্যবধান ৪-১ এ বাড়িয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিলো আগেই। তাই পঞ্চম ওয়ানডেটি ছিলো শুধুই আনুষ্ঠানিকতা। সোমবার সুনীল নারায়ণের চমৎকার বোলিংয়ে ওই ম্যাচ ২০ রানে জিতে জয়ের ব্যবধান ৪-১ এ বাড়িয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভোর ৬০ রানের জুটি দলের প্রাথমিক বিপদ সামাল দেয়। তবে দলের সংগ্রহ শতক পেরোনোর আগেই বিদায় নেন স্যামুয়েলস (৪৩)। ব্রাভো ৩টি চার ও ১টি ছক্কায় ৯৩ বলে ৫৩ রান করে বিদায় নেন। তবে ওয়েস্ট ইন্ডিজকে লড়াই করার মতো পুঁজি এনে দেয় নয় নম্বরে ব্যাট করতে নামা আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিং। ৬টি চার ও ৩টি বিশাল ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৯ রান করেন তিনি। ৯ উইকেটে ২৪১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ৩৭ ও কাইল মিলস ৪০ রানের বিনিময়ে ৩টি করে উইকেট নেন। ২৪২ রানে লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ২ রানে রব নিকোলকে (২) হারালেও নিউজিল্যান্ডের শুরুটা খারাপ ছিলো না। মার্টিন গাপটিলের ৩৩, ব্রেন্ডন ম্যাককালামের ৩৩, রস টেইলারের ২৮ ও কেন উইলিয়ামসনের ৬৯ রানের সুবাদে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিলো নিউজিল্যান্ড। কিন্তু মাত্র ১৮ বলের ব্যবধানে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা উইলিয়ামসনসহ অ্যান্ড্রু এলিস ও কাইল মিলসের উইকেট তুলে নেন আগের ম্যাচে জয়ের নায়ক সুনীল নারায়ণ। ফলে ২০৮/৬ থেকে ২১৩/৯ এ পরিণত হয় নিউজিল্যান্ড। বাকি উইকেটটি তুলে নেন ব্রাভো। ২২১ রানে থেকে যায় অতিথিরা। মাত্র ২৭ রানে ৫ উইকেট শিকার করা সুনীল নারায়ণ ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/ ১৮২৬ ঘ.