ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুটি প্রস্তুতি ম্যাচ দিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর। কম্বারে আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় প্রথম ও নর্দার্ন ক্রিকেট ইউনিয়ন নির্বাচিত একাদশের বিপক্ষে বিকেল ৫টায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। যার প্রথমটি হবে বুধবার।
গত মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগেও এক দিনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। দুটো ম্যাচেই হেরে যাওয়া বাংলাদেশ ঐ টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি।
আয়ারল্যান্ড রওনা হওয়ার আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক জানিয়েছিলেন, একই দিনে দুটি প্রস্তুতি ম্যাচের হার ঐ টুর্নামেন্টে বাংলাদেশের খেলায় প্রভাব ফেলেছিলো।
তবু আয়ারল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য একই দিনে আবারও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চোটের কারণে তামিম ইকবাল দেশে তিনটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। জিম্বাবুয়েতেও মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন এই আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে নতুন সঙ্গী মোহাম্মদ আশরাফুলের সঙ্গে মানিয়ে নিতে এই দুটো প্রস্তুতি ম্যাচ তার কাজে লাগার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪১ঘ.
bdnews24