ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। অথচ চোট-আঘাতে জর্জরিত বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশ দলে চোটগ্রস্ত ক্রিকেটারদের তালিকায় সর্বশেষ সংযোজন নুর হোসেন মুন্না।
রোববার মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলনের সময় বল ছুড়তে গিয়ে কোমড়ের নিচের অংশে টান পড়ায় খুঁড়িয়ে-খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়েছে এই লেগ স্পিনারকে।
চোট সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুন্না বলেন, “এখন বেশ ব্যথা আছে। গত বছরও এরকম চোটে পড়েছিলাম। সেবার তো এক সপ্তাহ হাঁটতেই পারিনি।”
আপাতত গুরুতর মনে হলেও মুন্নার দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী অনূর্ধ্ব-১৯ দলের ফিজিও বায়জিদ ইসলাম। তিনি বলেন, “অনেক সময় শুরুতে কোনো-কোনো চোটকে মারাত্মক বলে মনে হয়। মুন্না চোট পেলেও আমাদের হাতে এখনো অনেক সময় আছে। আশা করি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।”
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি আমন্ত্রিত একাদশের বিপক্ষে ১৭, ১৮ ও ২০ জুলাই তিনটি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। সোমবার খুলনা যাওয়ার কথা তাদের।
দলের দায়িত্ব নেয়ার পর কোচ সারোয়ার ইমরান জানিয়েছিলেন, শেষের ওভারগুলোতে কে-কে বল করবেন, পাওয়ার প্লের সময় কারা ব্যাটিং বা বোলিং করবেন সেসব নিয়ে কাজ করাই তার লক্ষ্য। কিন্তু চোট সমস্যায় পরিকল্পনা অনুযায়ী এগোতে সমস্যা হচ্ছে তার।
ইমরান জানান, “কারোর চোটই মারাত্মক না হলেও ছোটখাটো সমস্যা আছে অনেকেরই। আশা করি সময় মতো ফিজিও তাদের সারিয়ে তুলবেন।”
আগামী ১১ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে ২৭ জুলাই দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৪ঘ.
bdnews24