ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরটা তেমন ভালো কাটেনি পাকিস্তানের। তবু মিসবাহ-উল হকের বিশ্বাস, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত উজ্জ্বল। এক ঝাঁক প্রতিশ্র“তিশীল ক্রিকেটারই পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়কের বিশ্বাসের ভিত্তি।
শ্রীলঙ্কায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১এ অমীমাংসিত রাখতে পারলেও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ এবং ৩ ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে হেরে গেছে পাকিস্তান।
শনিবার দেশে ফিরে সাংবাদিকদের মিসবাহ বলেন, “ওয়ানডে ও টেস্ট সিরিজের দুটো হারই ছিল হতাশাজনক। ওয়ানডে সিরিজ আমরা জিততেও পারতাম। কিন্তু শেষ দুই ম্যাচের বাজে ফিল্ডিং আমাদের ডুবিয়েছে।”
“তবে আমাদের তরুণ ক্রিকেটাররা টেস্ট সিরিজে খুবই ভালো খেলেছে। আলী (আজহার), শফিক (আসাদ), জুনায়েদরা পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতেরই আভাস দিচ্ছে,” যোগ করেন তিনি।
মিসবাহ আরো বলেন, “কঠিন পরিস্থিতিতেও তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। পাল্লে¬কেলেতে শেষ টেস্টে ভাঙ্গা আঙ্গুল নিয়েও আদনান আকমল যেভাবে ব্যাট করেছে তা এক কথায় অসাধারণ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৭ঘ.
bdnews24