ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিসহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্থানীয় ও বিদেশি অনেক ক্রিকেটারই এখনো ২০১২ মৌসুমের প্রথম দফার অর্থ পান নি।
এবারই প্রথম অর্থ পরিশোধে দেরি করছে আইপিএল দলটি। তবে খোঁজ খবর নিতে গিয়ে খেলোয়াড়রা দলের কর্মকর্তাদের কাছ থেকে সাড়া না পাওয়ায় শঙ্কা বাড়ছে।
দলের পরিচালক সিদ্ধার্থ মালিয়াসহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ ব্যাপারে কথা বলতে গেলে কোনো সাড়া পায়নি ইএসপিএনক্রিকইনফো।
ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা ক্ষতিগ্রস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পুরো অর্থ পরিশোধ করেছে দলটি। এ ব্যাপারে ব্যাঙ্গালোরের এক খেলোয়াড় বলেন, “গেইলকে ভিন্ন চোখে দেখা হয়।”
এ ব্যাপারে নিউজিল্যান্ড প্লেয়ারস ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলস বলেন, “সোমবার ভেট্টোরির কাছে এ ব্যাপারে শুনেছি। কয়েকজন খেলোয়াড়ের সময় মতো টাকা না পাওয়া হতাশাজনক। আশাকরি, বিষয়টি আরো গুরুতর হয়ে উঠার আগেই তারা এ ব্যাপারে উদ্যোগ নেবে।”
নামপ্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় বলেছেন, “কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করছে না বা বলছে ঠিক কী হচ্ছে। দেরির কারণ সম্পর্কেও কিছু বলছে না তারা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৮ ঘ.
bdnews24