২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড

তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে ৮৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ হারের পরও ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে ৮৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ হারের পরও ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। শনিবার একই মাঠে চতুর্থ ওয়ানডেতে খেলবে দুুই দল। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৯ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৩৪ ওভার ৩ বলে ১৬১ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ সময় রান-আউট হয়ে বিদায় নেন মাঝসারির দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস (১১) ও ডোয়াইন ব্রাভো (২)। স্বাগতিকদের প্রথম আট ব্যাটসম্যানের ছয় জনই দুই অঙ্কের কোঠায় পৌঁছান। কিন্তু তাদের কেউই বিশের কোঠা পর্যন্ত যেতে পারেন নি। এ কারণে, কখনোই জেতার সম্ভাবনা তৈরি করতে পারেনি দলটি। সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন নয় নম্বরে ব্যাট করা আন্দ্রে রাসেল। নিউজিল্যান্ডের পক্ষে জ্যাকব ওরাম, নাথান ম্যাককালাম ও অভিষিক্ত ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট নেন। এর আগে ম্যাচ সেরা রব নিকোলের ৫৯ রানের অনবদ্য ইনিংসের পরও ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে বিজে ওয়াটলিংয়ের (৪০) সঙ্গে ম্যাককালামের ৬৬ রানের জুটি ধাক্কা সামাল দেয়। দলীয় ১৯১ রানে ওয়াটলিংয়ের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে ম্যাককালামকে। দলকে আড়াইশ পর্যন্ত নিয়ে যাওয়া ম্যাককালাম শেষ ওভারের প্রথম বলে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৫০ রান। ৫৭ রানে ৪ উইকেট নিয়ে রাসেল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৪০ ঘ.