ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক দলে কামরান আকমলকে রেখেছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানিয়েছেন, “পিসিবির ইন্টেগ্রিটি কমিটি নির্দোষ ঘোষণা করায় কামরানকে দলে নেয়া হয়েছে। আমাদের মনে হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে সে এখনো উইকেটরক্ষক ও উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ভালো করতে সক্ষম।”
২০১১ বিশ্বকাপের পর জাতীয় দলে আর জায়গা পাননি তিনি।
গত সপ্তাহে পিসিবির শৃঙ্খলা কমিটি জিজ্ঞাসাবাদ করেছিলো ৩০ বছর বয়সী কামরানকে। ২০১০ লর্ডস টেস্টের স্পট ফিক্সিং নিয়ে শুনানির সময় তার নামও উঠেছিলো।
সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে ফিরেছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজিরও। তবে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক মিসবাহ-উল-হককে রাখা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩৪ঘ.
bdnews24