ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আজহার আলীর চতুর্থ টেস্ট শতকের পরও তেমন স্বস্তিতে নেই পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শেষে ৮ উইকেটে ২৯৯ রান করা অতিথিরা এগিয়ে ১৮৮ রানে।
বুধবার ১ উইকেটে ২৭ রান নিয়ে খেলা শুরু করা পাকিস্তানকে দ্বিতীয় উইকেট জুটিতে ৯৪ রান উপহার দেন আজহার ও মোহাম্মদ হাফিজ (৫২)।
এরপর ইউনুস খান (১৯) ও অধিনায়ক মিসবাহ-উল-হক (৫) দ্রুত বিদায় নিলেও পঞ্চম উইকেটে আসাদ শফিকের সঙ্গে ১০০ রানের আরেকটি বড় জুটি গড়েন আজহার।
দলীয় ২৭৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১৩৬ রান করেন আজহার। তার ২৮৪ বলের ইনিংসে ১৩টি চার। আজহারের বিদায়ের পর ৯ ওভারের মধ্যে আরো ৩ উইকেট হারায় অতিথিরা।
দিনশেষে আসাদ ৫৫ রানে অপরাজিত। তার সঙ্গী আদনান আকমল রানের খাতা খুলতে পারেননি।
৬৪ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার রঙ্গনা হেরাথ। ৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন দিলহারা ফার্নান্দো। মোহাম্মদ সামিকে ফিরিয়ে শততম টেস্ট উইকেটের দেখা পেয়েছেন ১২ বছরের ক্যারিয়ারে সপ্তদশ বারের মতো দলে ফেরা ফার্নান্দো।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২২৬ ও ২৯৯/৮ (হাফিজ ৫২, তৌফিক ৪, আজহার ১৩৬, ইউনুস ১৯, মিসবাহ ৫, আসাদ ৫৫*, সামি ৩, গুল ০, আজমল ৫, আদনান ০*; হেরাথ ৪/৬৪, ফার্নান্দো ৩/৬৫, কুলাসেকারা ১/৫০)
শ্রীলঙ্কা: ৩৩৭ (পারানাভিতানা ৭৫, পেরেরা ৭৫, সামারাবীরা ৭৩, কুলাসেকারা ৩৩; জুনায়েদ ৫/৭০, আজমল ৩/৬৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৫ঘ.
bdnews24