ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গায়ে পড়ে বিদেশী খেলোয়াড়দের বকেয়া পরিশোধের ব্যাপারে হস্তক্ষেপ করায় ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকার সমালোচনা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল।
কয়েক জন বিদেশি খেলোয়াড়ের বকেয়া পরিশোধ না করায় আগামীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলার জন্য ক্রিকেটারদের পরামর্শ দিতে যাচ্ছে বলে বুধবার জানিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)।
এ ব্যাপারে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফিকা গায়ে পড়ে যেভাবে এ ব্যাপারে হস্তক্ষেপ করছে তা মোটেও কাম্য নয়। তারা আইসিসি বা অন্য কোনো সংগঠনের স্বীকৃত সংস্থা নয়।”
“তারা বকেয়া সংক্রান্ত যে সব কথা বলছে তা একদমই ঠিক নয়। খেলোয়াড়দের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। ফিকার হুমকি কোনো কাজেই আসবে না,” যোগ করেন বিসিবির অন্যতম পরিচালক।
বিপিএল গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, “ফিকা এটা ঠিক করছে না। শুরু থেকেই টিম মে (ফিকার প্রধান নির্বাহী) বিপিএলের বিপক্ষে কথা বলছেন। তিনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এ সব কথা-বার্তা বলছেন হয়তো।”
“আগেও তিনি মামলা করার হুমকি দিয়েছিলেন। এবার দিলেন খেলোয়াড়দের বিপিএল বয়কটের পরামর্শ দেয়ার হুমকি। তবে এসব নিয়ে আমরা মোটেও চিন্তিত নই,” যোগ করেন তিনি।
সিরাজউদ্দিন আরো বলেন, “আমরা ফিকার কাছ থেকে কোনো খেলোয়াড় নেই না। খেলোয়াড়দের নেয়া হয় বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড থেকে। এ ব্যাপারে কোনো ক্রিকেট বোর্ড বা খেলোয়াড়দের অভিযোগ নেই।”
“গত আইসিসি সভায় বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল আইসিসি এবং প্রত্যেক ক্রিকেট বোর্ড সভাপতিকে বিপিএলের বকেয়া পরিশোধের ব্যাপারে জানিয়েছেন। তখন কেউই এ নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। বকেয়া পরিশোধের ব্যাপারে আমরা খুবই স্বচ্ছ,” যোগ করেন বিসিবির এই পরিচালক।
সিরাজউদ্দিন জানান, আর মাত্র ৭০ হাজার ডলার বকেয়া আছে। আর এই বকেয়ার কারণ খেলোয়াড়দের চোট ও বোনাসজনিত পাওনা নিয়ে বিরোধ।
গত ৯ জুন নিয়মিত সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল ও ১০ জুন এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, সে সময় পর্যন্ত মোট বকেয়া ছিল ৩ লাখ ৫০ হাজার ডলার। পরের দশ দিনের মধ্যে বকেয়া পরিশোধের ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি।
এ ব্যাপারে সিরাজউদ্দিন বলেন, “আমরা সমস্ত বকেয়া পরিশোধ করে দিচ্ছি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে মারলন স্যামুয়েলসের হিসাবে তিনবার টাকা পাঠানো হলেও সেই টাকা ফেরত এসেছে। এটাকে তো বকেয়া ধরা যাবে না।”
“তাছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের দায়িত্ব স্বয়ং বিসিবিই নিয়েছে। কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা পরিশোধ না করলে বিসিবি তা পরিশোধে প্রতিশ্র“তিবদ্ধ,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২০ঘ.
bdnews24