ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়া বাম চোখে তিন ঘন্টার জটিল অস্ত্রোপচার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক মার্ক বাউচার।
সোমবার সমারসেটের বিপক্ষে এক প্রস্তুতি ম্যাচে ইমরান তাহিরের গুগলিতে ব্যাটসম্যান জেমাল হোসেন পরাস্ত হয়ে বোল্ড হওয়ার পর বেল গিয়ে লাগে বাউচারের বাম চোখে। সঙ্গে-সঙ্গে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তার চোখের সাদা অংশে অস্ত্রোপচার করা হয়। একটু সুস্থ হয়ে উঠলেই তার দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার কথা।
অস্ত্রোপচারের পর বাউচারের লিখিত বিবৃতি পড়ে শোনান দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথ। বিবৃতিতে বাউচার বলেন, “এই ঘোষণা দিতে গিয়ে বিষন্নতা আর যন্ত্রণা বোধ করছি। চোখের চোটের তীব্রতার জন্যই আমার পক্ষে আবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সম্ভব নয়।”
“এখনই অবসরের ঘোষণা দেয়ার কথা ভাবিনি। কিন্তু পরিস্থিতি সেদিকেই আমাকে নিয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আমার পথ চলায় যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি,” যোগ করেন তিনি।
বাউচার আরো বলেন, “গত ২৪ ঘন্টায় যারা আমাকে সহৃদয় সাহায্য করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ। এখন অনিশ্চিত আরোগ্য নিয়েই আমাকে দেশে ফিরে যেতে হবে।”
দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ েেক বাউচারকে শ্রদ্ধাঞ্জলি দেন স্মি। তিনি বলেন, “বাউচ, তোমার সঙ্গে আমরা দীর্ঘ পথ হেঁটেছি। এই ঘটনায় আমরা শোকাভিভূত। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তুমি ছিলে সত্যিকারের এক প্রোটিয়াস যোদ্ধা, এক দেশপ্রেমিক দক্ষিণ আফ্রিকান। এমন এক যোদ্ধা যে কোনো প্রশ্ন না করে সব কিছু দিয়ে গেছে। দলকে তুমি শতভাগ দিয়েছ।”
সম্ভবত এবারের ইংল্যান্ড সফরই হতে যাচ্ছিলো জাতীয় দলের হয়ে বাউচারের শেষ সফর। ১৬ আগস্ট থেকে লর্ডসে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হতে পারতো তার জীবনের ১৫০তম টেস্ট।
১৪৭ টেস্টে ৫৫৫টি ডিসমিসালের অধিকারী বাউচার অনন্য এক অর্জনের সামনেও দাঁড়িয়েছিলেন। আর একটি ক্যাচ বা স্টাম্পিং করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটরক্ষক হিসেবে এক হাজার ডিসমিসাল হয়ে যেতো তার।
টেস্টে ৫টি শতকসহ ৩০.৩০ গড়ে ৫,৫১৫ রান করেছেন বাউচার। সর্বোচ্চ ১২৫। একটি টেস্ট উইকেটও আছে তার। ওয়ানডেতে ২৯৫ ম্যাচে একটি শতকসহ ২৮.৫৭ গড়ে তার রান ৪,৬৮৬। সর্বোচ্চ অপরাজিত ১৪৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৩ঘ.
bdnews24