২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রঙিন পোশাকের ক্রিকেটে ফেরা নিয়ে দোটানায় পিটারসেন

ক্রিকেট-বিশ্বকে বিস্মিত করে গত মাসে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেভিন পিটারসেন। তবে ইংল্যান্ডের হয়ে আবার রঙিন পোশাকে খেলার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট-বিশ্বকে বিস্মিত করে গত মাসে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেভিন পিটারসেন। তবে ইংল্যান্ডের হয়ে আবার রঙিন পোশাকে খেলার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। সোমবার ইংল্যান্ডের ‘ডেইলি মেইল’ পত্রিকাকে পিটারসেন বলেন, “যে কোনো কিছুই হতে পারে। আমি এ ব্যাপারে (ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলা) কখনো না বলিনি। কিন্তু এখনকার সূচি ভীষণ যন্ত্রণাদায়ক। এবং সেটাই আমার ফেরার ব্যাপারে সবচেয়ে বড় প্রতিবন্ধক। দেখা যাক কী হয়!” মূলত ব্যস্ত সূচির কারণেই ক্লান্ত পিটারসেন শুধু ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মানুযায়ী, কেউ চাইলে তাকে সীমিত ওভারের দুই ফরম্যাট (ওয়ানডে ও টি-টোয়েন্টি) থেকেই অবসর নিতে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। ৩-০তে এগিয়ে গিয়ে সিরিজ জয়ও নিশ্চিত করেছে স্বাগতিকরা। এমন সুসময়ে দলের সঙ্গে থাকতে না পারা তাকে কষ্ট দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পিটারসেন বলেন, “আমার পরিবার আর বন্ধুরাও আমাকে জিজ্ঞাসা করছে, তোমার কি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে ইচ্ছা করছে না?” “আমি তাদের বলেছি, আমি একদমই (ওয়ানডেতে না খেলার) অভাব বোধ করছি না। কিন্তু কে জানে? হয়তো আমার একমাত্র চাওয়া ছিলো বিশ্রাম। গত ৭ বছর আমি প্রচুর খেলেছি,” যোগ করেন এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে বিশাল অবদান ছিলো পিটারসেনের। দুর্দান্ত ব্যাটিং করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি। ‘কেপি’ নামে পরিচিত এই দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ব্যাটসম্যান কিছু দিন আগে জানান, ইংল্যান্ডকে শিরোপা ধরে রাখতে সাহায্য করতে তিনি আগ্রহী। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পিটারসেনকে আবার রঙিন পোশাকে দেখা যাবে কিনা, সেই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের হাতেই তোলা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৬ঘ.