২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএল: শ্রীলঙ্কা ক্রিকেটকে বিসিবির চিঠি

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) সুযোগ পাওয়া বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের চুক্তির ব্যাপারে জানতে চেয়ে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেটকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) সুযোগ পাওয়া বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের চুক্তির ব্যাপারে জানতে চেয়ে দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেটকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি এনায়েত হোসেন সিরাজ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রিকেটারদের চুক্তির ব্যাপারে জানতে আমরা শ্রীলঙ্কা ক্রিকেটকে চিঠি পাঠিয়েছি। তাদের জবাব পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।” দুই-একদিনের মধ্যেই জবাব পাওয়ার আশা করছে ক্রিকেট পরিচালনা বিভাগ। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ামানুযায়ী অন্য কোনো দেশে খেলতে হলে ক্রিকেটারদের নিজ দেশের বোর্ড থেকে অনাপত্তিপত্র নিতে হয়। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিমসহ এসএলপিএলে সুযোগ পাওয়া পাঁচ ক্রিকেটার তা করেন নি। তাছাড়া বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে তাদের দায়িত্ব ছিল আরো বেশি। কিন্তু তারা এখনো পর্যন্ত এসএলপিএলে খেলার ব্যাপারে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বলে জানিয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগ। ভারতের ঘরোয়া আসর আইপিএলে খেলার ব্যাপারে ভারতীয় বোর্ড বিসিবিকে নাম পাঠানোর আহ্বান জানায়। সে অনুযায়ী বিসিবি থেকে কয়েক জনের নাম পাঠানো হয়। এসএলপিএলে বাংাদেশের ক্রিকেটারদের খেলার ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়নি। এজেন্টের মাধ্যমেই খেলার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। সাকিব, মুশফিক ছাড়াও তামিম ইকবাল, নাসির হোসেন ও ইলিয়াস সানি সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম আসরে। ১০ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৫৫০ ঘ.