২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল, স্যামুয়েলসের শতকে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 05:03 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসের শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বুধবার তৃতীয় ওয়ানডেতে খেলবে দল দুটি। জ্যামাইকার স্যাবিনা পার্কে টস টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩১৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৭ ওভারে ২৬০ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে মার্টিন গাপটিলের ৫১ রানের পরও ২৬ ওভারে অতিথিদের স্কোর দাঁড়ায় ১২১/৩। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৮ ও বিজে ওয়াটলিং অপরাজিত ৭২ রানের দুটি পঞ্চাশোর্ধ ইনিংস খেললেও অতিথিরা কখনো জেতার সম্ভাবনা তৈরি করতে পারেন নি। ৫০ রানে ৩ উইকেট নিয়ে রবি রামপল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। এছাড়া সুনীল নারায়ণ (২/৪৫) ও স্যামুয়েলস (২/৪৬) দুটি করে উইকেট নেন। এর আগে ১০ রানে লেন্ডল সিমন্সকে হারালেও দ্বিতীয় উইকেটে ডোয়াইন স্মিথের (২৪) সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন গেইল। তৃতীয় উইকেটে আরেক জ্যামাইকান স্যামুয়েলসের সঙ্গে তার ১২৫ রানের জুটি স্বাগতিকদের বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। গ্যালারিতে উপস্থিত ছিলেন গেইলের বাবা, বোন ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের হতাশ করেন নি তিনি। ১০৭ বলে ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১২৫ রান করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ছয় ইনিংসে এ নিয়ে পাঁচবার পঞ্চাশোর্ধ ইনিংস খেললেন গেইল। এটি তার ২০তম শতক। এই শতকের সুবাদে ব্রায়ান লারাকে ছাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ শতকের রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। গেইলের বিদায়ের পর কাইরন পোলার্ড (৮) ও ডোয়াইন ব্রাভো (৩) দ্রুত বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালের পর প্রথম শতকের সম্ভাবনায় স্যামুয়েলস এক দুই করে রান নিলে শেষ দিকে খুব একটা রান হয়নি স্বাগতিকদের। শেষ ওভারে গিয়ে নিজের তৃতীয় শতকে পৌঁছান স্যামুয়েলস। ১০৩ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক ড্যারেন স্যামি ২১ বলে খেলেন ৩১ রানের গুরুত্বপর্ণ এক ইনিংস। ৫৫ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৫৫ ঘ.