২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রাথমিক লক্ষ্য কাপ পর্ব নিশ্চিত করা’

যুব বিশ্বকাপের কাপ পর্ব নিশ্চিত করাই প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারোয়ার ইমরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুব বিশ্বকাপের কাপ পর্ব নিশ্চিত করাই প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ সারোয়ার ইমরান। মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যুব বিশ্বকাপ দলে ডাক পাওয়া ১৫ ক্রিকেটারের রিপোর্টিং শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমরান বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার প্রচ্ছন্ন একটা লক্ষ্য তো আছেই। তবে সবার আগে কাপে খেলা নিশ্চিত করতে চাইবো আমরা।” মালয়েশিয়ায় এশিয়া কাপে যুব দলের ব্যর্থতাকে বড় করে দেখতে রাজি নন ইমরান। তিনি বলেন, “আরো একটা ম্যাচ জেতা দরকার ছিল। তবে ক্রিকেটে এমন হতে পারে।” দায়িত্ব নেয়ার পর এখন সামনের দিকে তাকাতে চান ইমরান। অস্ট্রেলিয়ার কুন্সল্যান্ডে ১১ থেকে ২৬ অগাস্টের যুব বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য পাওয়া সময়টুকুকে যথেষ্ট বলে মনে করেন তিনি। তিনি বলেন, “আমাদের বিশ্বকাপ দলটি বেশ শক্তিশালী। আনামুল দলে ফিরেছেন, এছাড়া চোট কাটিয়েও ফিরেছেন কয়েকজন। ‘এ’ দলের সঙ্গে দেশে ৩টি এবং অস্ট্রেলিয়ায় ৪টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। আমার মনে হয় না প্রস্তুতিতে কোনো ঘাটতি হবে।” “দলে বোঝাপড়া বাড়াতে হবে, একটা ইউনিট হিসেবে খেলতে হবে। ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। কৌশল এবং দায়িত্ব ঠিক করে দিতে হবে। শেষের দিকে কারা বল করবেন, পাওয়ার প্লে¬তে কারা বল করবেন এসব দ্রুত ঠিক করে নিতে হবে,” যোগ করেন তিনি। মালয়েশিয়ায় ভাগ্য দলের সঙ্গে ছিল না বলে মনে করেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আনামুল হক বিজয়। তিনি বলেন, “এশিয়া কাপে ভাগ্য সঙ্গে ছিল না। তাছাড়া ছোটখাটো কিছু ভুল ছিল। সে কারণে ফলাফল আমাদের পক্ষে আসেনি।” “এখন চোট কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফিরেছেন। বিশ্বকাপে যাওয়ার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে ভুলগুলো শোধরানোর চেষ্টা করবো,” যোগ করেন তিনি। ভুল থেকে শিক্ষা নেয়াটাই জরুরি। এবং মানসিক প্রস্তুতিটাই এখন গুরুত্বপূর্ণ বলে মনে করেন আনামুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৪৯ ঘ.