ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পেরিয়ে আসা মো. আশরাফুল বলছেন, দেশকে এখনো সেরাটা দেননি তিনি। মাঝে মধ্যে কিছু ঝলক দেখিয়েছেন মাত্র।
বাংলাদেশের বেশ কয়েকটি অবিস্মরণীয় জয়ের কারিগর হলেও এখন দলে টিকে থাকার লড়াইয়ে থাকা এই ক্রিকেটার মনে করেন, সামনেই রয়েছে তার সেরা সময়।
শনিবার ২৮ বছরে পা দেওয়া আশরাফুল সাংবাদিকদের বলেন, “আটাশেই ব্যাটসম্যানরা পরিণত হয়, সেই সময়েই তাদের সেরাটা বের হয়ে আসে। আমিও মনে করি, আমার সেরা সময়টা সামনে।”
সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ডধারী আশরাফুল ২০০১ সালে আন্তর্জাতিক খেলার শুরুর পর থেকে এখন পর্যন্ত নিজের মূল্যায়ন করতে বলা হলে তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর অনেক সময়। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি, নিজের সেরাটা দিতে পারিনি।”
“দেশের হয়ে আরো ৫/৬ বছর খেলতে চাই। অনেক খেলেছি, অনেক শিখেছি, আশা করি এই অভিজ্ঞতা পরের বছরগুলোতে কাজে লাগাতে পারব,” ভবিষ্যতের বিষয়ে বলেন তিনি।
একইসঙ্গে আশরাফুল বলেন, “শেষ দুই বছর ধরে জাতীয় দলে নিয়মিত নই। এখন দলে জায়গা পাকা করার চেষ্টা করছি।”
১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭ টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ প্রায় আড়াই হাজার রান করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ১৭১টি একদিনের খেলায় তিনটি সেঞ্চুরিসহ করেছেন ৩৩৯৭ রান।
ক্যারিয়ারের উন্মেষে যার ব্যাটের দিকে তাকিয়ে থাকত বাংলাদেশ, সেই আশরাফুল তার সামর্থ্যরে প্রতি সুবিচার করতে পারেননি বলে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা।
যে কারণে এখন দলের জায়গা করে নিতেই আশরাফুলকে লড়তে হচ্ছে। তবে এবার ভালো করতে দৃঢ় সঙ্কল্পের কথা জানালেন তিনি। আশা করছেন, ফিরে পাবেন নিজেকে, ফিরে পাবেন ছন্দ।
ব্যাটে গত দুই বছর ধরে দর্শকদের আনন্দ দিতে না পারাটা নিয়েও খেদ রয়েছে আশরাফুলের। কার্ডিফে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াতে হারানোর মতো আনন্দের উপলক্ষ আবার দেশবাসীকে দিতে চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/১৫০৫ ঘ.
bdnews24