২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডের সমালোচনায় গায়ানা প্রেসিডেন্ট

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ফ্লোরিডায় সরানোয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কড়া সমালোচনা করেছেন গায়ানার প্রেসিডেন্ট ডোনাল্ড রামোটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ফ্লোরিডায় সরানোয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কড়া সমালোচনা করেছেন গায়ানার প্রেসিডেন্ট ডোনাল্ড রামোটার। এই সিদ্ধান্তকে ‘কদর্য’ ও স্টেডিয়াম উন্নয়নে প্রচুর অর্থব্যয় করা আঞ্চলিক সরকারের প্রতি ‘অন্যায্য’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। রামোটার বলেন, “ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাসিলিটিজ নির্মাণে সরকারগুলো মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে। কিন্তু আজকে আমরা কদর্যতার মুখোমুখি হয়েছি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো নিয়ে যাওয়া হচ্ছে অঞ্চলের বাইরে, যেখানে ইচ্ছাকৃতভাবেই কয়েকটি অঞ্চল বঞ্চিত। এটা অবশ্যই আমাদের জন্য উদ্বেগের ব্যাপার।” “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কয়েকজন প্রশাসকের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা পুরো অঞ্চলের সব মানুষের,” যোগ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড দ্বি-পাক্ষিক সিরিজ শুরু হয়। ডব্লিউআইসিবি সভাপতি জুলিয়ান হুন্টে এ সিদ্ধান্তকে ‘দীর্ঘ কালাতিক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন। রামোটার অভিযোগ ক্রিকেট প্রশাসকরা নিজেদের স্বার্থে কাজ করছেন। তিনি বলেন, “ক্রিকেটই প্রথম সত্যিকারের আঞ্চলিক ইনস্টিটিউট যা আমাদের অখণ্ড থাকার আত্মবিশ্বাসকে লালন করেছে। এটা আমাদের বীর ও রোল মডেল উপহার দিয়েছে। তবে মনে হয় এর সবচেয়ে বড় অবদান আমাদের আঞ্চলিক পরিচয়।” “কয়েকজন প্রশাসক মনে হয় এই ইনস্টিটিউশনের গুরুত্ব নিয়ে ভাবছেন না, তারা নিজেদের যেকোনোভাবে চিরস্থায়ী করতে ব্যস্ত,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৩৩ ঘ.