ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রমাগত ব্যর্থতার কারণে তার ওয়ানডেতে সুযোগ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভালো খেলার সুবাদে নির্বাচকদের আস্থা ফিরে পেয়েছেন পাকিস্তানের বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান।
গল টেস্টে ২৯ ও ৮২ ও কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৩২ রান করেছেন তিনি। তিন ইনিংসেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে আরো অনেক দূর যেতে পারতেন হয়তো।
ইউনুসকে ছন্দে ফিরতে দেখে দারুণ খুশি পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম।
তিনি বলেন, “টেস্টে তাকে রান করতে দেখে ভালো লাগছে। সে ব্যাট হাতে ছন্দ খুঁজে পেয়েছে। এটা দলের জন্যও দারুণ সুখবর।”
যদিও এর আগে কাশিম বলেছিলেন, শ্রীলঙ্কা সফর শেষে ওয়ানডেতে ইউনুসের ভবিষ্যত নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন পাকিস্তানের নির্বাচকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৬ঘ.
bdnews24