ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ৯ থেকে ২৮ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি। গত বারের মতো এবারও ৬টি দল অংশ নেবে বাছাইপর্বে।
গত বছরের আইপিএলে চতুর্থ হওয়া কলকাতা নাইট রাইডার্সকে বাছাই পর্বে খেলতে হয়েছিলো। তবে এবারের আইপিএলে চতুর্থ হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। মুম্বাই চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির গতবারের চ্যাম্পিয়ন।
চ্যাম্পিয়নস লিগে আইপিএলের অন্য তিন দল হচ্ছে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স, রানার্সআপ চেন্নাই সুপার কিংস ও তৃতীয় দিল্লি ডেয়ারডেভিলস। এদের সঙ্গে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে অস্ট্রেলিয়ার সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স এবং দক্ষিণ আফ্রিকার টাইটানস ও লায়ন্স।
আর বাছাই পর্বে খেলবে পাকিস্তানের শিয়ালকোট স্ট্যালিয়ন্স, নিউজিল্যান্ডের অকল্যান্ড এসেস, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো, শ্রীলঙ্কার একটি এবং ইংল্যান্ডের দুটি দল।
বাছাই পর্বের সেরা দুই দল অংশ নেবে চূড়ান্ত পর্বে।
চূড়ান্ত পর্বের চার ভেন্যু কেপটাউন, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন ও ডারবান। তবে বাছাই পর্বের তারিখ ও ভেন্যু এখনো ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৬ঘ.
bdnews24