ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপ সফরের জন্য সোমবার রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে তেমন কোনো চমক নেই।
গত মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়া দলটির ওপরেই ভরসা রেখেছেন নির্বাচকরা। পরিবর্তন বলতে বিশ্রাম শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও চোট কাটিয়ে পেসার শফিউল ইসলামের ফেরা।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের কথা বিবেচনা করে বাদ দেয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত অধিনায়ক আনামুল হক বিজয়কে। বাদ পড়েছেন অলরাউন্ডার ফরহাদ হোসেনও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের ১৩ জুলাই বেলফাস্টে পৌঁছানোর কথা। ১৬ জুলাই আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।
এরপর বেলফাস্টের স্টোরমন্টে ১৮, ২০ ও ২১ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
আয়ারল্যান্ড সফর শেষে ২২ জুলাই নেদারল্যান্ডসের হেগ-এ যাবে বাংলাদেশ। সেখানে ২৪ জুলাই স্কটল্যান্ড ও পরের দিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও আবুল হোসেন রাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৫ঘ.
bdnews24