ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর বেশি দিন হয়নি। ভবিষ্যত নিয়েও চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের জাতীয় দলের কোচ হতেও পারেন তিনি।
এক টেলিভিশন সাক্ষাতকারে ভারতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা সম্পর্কে দ্রাবিড় বলেন, “কে জানে, ভবিষ্যতে হয়তো এই দায়িত্ব নিতেও পারি।”
যদিও গত এপ্রিলে ভারতের কোচ হওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছিলেন দ্রাবিড়। ভারতের অনেক স্মরণীয় জয়ের নায়ক তখন বলেছিলেন, “অবসর নেয়ার মাত্র কয়েক সপ্তাহ পর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বলা খুব কঠিন। আমি কখনো কোনো কিছুতে না বলি না। তবে নিশ্চিতভাবে বলতে পারি, (ভারতীয়) দল বা ক্রিকেটের সঙ্গে পুরোপুরি যুক্ত থাকবো না।”
দীর্ঘ ক্রিকেট-জীবনে কখনো-কখনো মাথা গরম করার কথাও নির্দ্বিধায় জানিয়েছেন দ্রাবিড়। তবে মাঠের ভেতরে নয়, বাইরে।
তিনি বলেন, “সাজঘরে একা থাকার সময় মাঝে-মাঝে মেজাজ হারিয়ে ব্যাট ছুড়ে ফেলেছি। আমি সহজে রাগ করি না। তবে বাজে শট খেলে আউট হলে হতাশাক্রান্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। তখন হয়তো নিজেরই কোনো জিনিস নষ্ট করেছি।”
“২০ বছরের ক্রিকেট-জীবনে এক-দুবার এমনটা হতেই পারে। আমার মনে হয় এটুকু করার অনুমতি আমাকে দেয়াই যায়,” যোগ করেন ক্রিকেট-বিশ্বে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত দ্রাবিড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১২ঘ.
bdnews24