২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের দাবিকে পাত্তাই দিলেন না আশরাফ

স্পট ফিক্সিংয়ের দায়ে ইংল্যান্ডে কারাদণ্ড ও আইসিসির নিষেধাজ্ঞার শাস্তি পেলেও সালমান বাটের দাবি, তিনি নিরপরাধ। তবে এই দাবি উড়িয়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, এটা শুধুই তার ব্যক্তিগত অভিমত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের দায়ে ইংল্যান্ডে কারাদণ্ড ও আইসিসির নিষেধাজ্ঞার শাস্তি পেলেও সালমান বাটের দাবি, তিনি নিরপরাধ। তবে এই দাবি উড়িয়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, এটা শুধুই তার ব্যক্তিগত অভিমত। ইংল্যান্ডে সুবিচার না পাওয়ার অভিযোগ এনে পাকিস্তানের সুপ্রিম কোর্টে উন্মুক্ত বিচারের দাবিও জানিয়েছেন ২৭ বছর বয়সী সালমান। তবে আইসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে কুয়ালালামপুর থেকে দেশে ফেরার সময় লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের আশরাফ বলেন, “বাট এখন অস্বীকার করলেও এটা তার ব্যক্তিগত মতামত।” “ইংল্যান্ডের আদালত বাটকে সাজা দিয়েছে। তাই এটা ইংল্যান্ডেরই ব্যাপার,” যোগ করেন তিনি। পিসিবি সভাপতি আরো বলেন, “পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করবেন কিনা সেটি শুধু তারই ব্যাপার। এ ব্যাপারে পিসিবির কোনো ভূমিকা বা সংশ্রব নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩১ঘ.