ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরোয়া ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে শনিবার ২০১১-১২ মৌসুমে রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারী পেসার টিপি সুধীন্দ্রকে ক্রিকেটে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এছাড়া স্থানীয় আরো চার খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিসিসিআই। সলাভ শ্রীবাস্তবকে পাঁচ বছর এবং মনিশ মিশ্র, অভিনব বালি ও অমিত যাদবকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এক বিবৃতিতে বিসিসিআই এর সম্পাদক সঞ্জয় জাগদালে বলেন, “ঘরোয়া ক্রিকেট ম্যাচে স্পট ফিক্সিংয়ে সুধীন্দ্রর জড়িত থাকার প্রমাণ পেয়েছে ডিসিপি¬নারী কমিটি। এবং তাকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হয়েছে।”
“তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। তিনি আইসিসি, বিসিসিআই এবং তাদের অধীনে কোনো ইউনিটের আওতায় অনুষ্ঠিত কোনো খেলায় অংশ নিতে পারবেন না,” যোগ করেন তিনি।
আইপিএল চলাকালে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল ঘরোয়া ক্রিকেটে গড়াপেটা ও দুর্নীতির বিষয় সামনে নিয়ে এলে বিসিসিআই গত মাসে ওই পাঁচ খেলোয়াড়কে সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৩৫ ঘ.
bdnews24