ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার ‘প্রিয়’ মাঠে খেলতে নামলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান। শনিবার থেকে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মাহেলা জয়াবর্ধনের দল সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২০০৪ সাল থেকে কোনো টেস্ট হারেনি। এখানে খেলা সর্বশেষ ১১ ম্যাচের ৬টিতেই জিতেছে স্বাগতিকরা।
২০০৬ সালে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়াবর্ধনে (৩৭৪) ও কুমার সাঙ্গাকারা (২৮৭) ৬২৪ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। মাখায়া এনটিনি, ডেল স্টেইন আর আন্দ্রে নেলকে নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং আক্রমণকে গুঁড়িয়ে ঐ টেস্ট শ্রীলঙ্কা জিতেছিল ইনিংস ও ১৫৩ রানে।
শেষ ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি মিসবাহ-উল হক। এসএসসিতে স্বাগতিকদের দুর্দান্ত নৈপুণ্য নিয়ে পাকিস্তানের অধিনায়ক অবশ্য তেমন চিন্তিত নন।
তিনি বলেন, “ঘরের মাঠে খুব ভালো খেলে শ্রীলঙ্কা। তারা তাদের পরিবেশ-পরিস্থিতি খুব ভালো ভাবেই চেনে। তবে এটা সম্পূর্ণ নতুন ম্যাচ আর দুদলই জয়ের লক্ষ্যে নামবে।”
“গল টেস্টের কথা ভুলে আমাদের সামনের দিকে তাকাতে হবে। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টে জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। কয়েক বছর ধরে আমরা নিজেদের দৃঢ়তা ভালো মতোই দেখাচ্ছি,” যোগ করেন মিসবাহ।
গল টেস্টের আগে ৯ টেস্টের ৭টিতেই জিতেছিলো পাকিস্তান।
অন্যদিকে জয়াবর্ধনে মনে করেন এসএসসির ব্যাটিং সহায়ক পিচে প্রতিপক্ষের ২০ উইকেট নেয়া কঠিনই হবে।
তিনি বলেন, “পছন্দের মাঠে খেলার সময় সবাই আত্মবিশ্বাসী থাকে। তবে এটা শুধু একটা মাঠের ব্যাপার নয়। দেশের মাটিতে হারা আমরা মোটেও পছন্দ করি না।”
“এটা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ আর পাকিস্তানও ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের তাই নিজেদের সেরাটাই ঢেলে দিতে হবে,” যোগ করেন শ্রীলঙ্কার অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৩ঘ.
bdnews24