ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের মামলায় সুবিচার না পাওয়ার দাবি জানিয়ে পাকিস্তানের আদালতে তার বিরুদ্ধে উন্মুক্ত বিচারের আহ্বান জানিয়েছেন সালমান বাট।
বৃহস্পতিবার পাকিস্তানের একটি বেসরকারী টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, “সব প্রমাণ খতিয়ে দেখলে বোঝা যাবে আমি সুবিচার পাইনি। আমি কারো নাম না বলে ত্যাগ স্বীকার করেছি। কিন্তু এটা আমার বিরুদ্ধে গেছে। এটা আমার বা অন্য কারো ব্যাপার নয়, বরং এটা পাকিস্তানের ব্যাপার। আমি চাই পাকিস্তানের সুপ্রিম কোর্টে উন্মুক্ত বিচার হোক। আমি নিশ্চিত তারা আমাকে নিরপরাধ ঘোষণা করবে।”
২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে সালমান, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় লন্ডনের একটি আদালত। ৭ মাস কারাভোগের পর গত সপ্তাহে মুক্তি পান সালমান। আইসিসি তাদের কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধও করেছে।
পাকিস্তানের তিন ক্রিকেটারকে ফাঁসিয়ে দেয়া অধুনালুপ্ত ‘দ্য নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর চিহ্ন যুক্ত টাকার নোট সালমানের হোটেলের রুমে পাওয়া গিয়েছিল। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “হ্যাঁ, ঐ রুমে সাড়ে চার হাজার পাউন্ড ছিল। এবং ওটা ছিল আমার টাকা। আমি একটি আইসক্রিম পার্লার উদ্বোধন করেছিলাম এবং মাজহার মাজিদের কাছ থেকে আগাম হিসেবে আড়াই হাজার পাউন্ড পেয়েছিলাম।”
“তবে আমি জানতাম না সে আমাকে চিহ্ন দেয়া নোট দিয়েছিল। ওগুলো আমার টাকা ছিল আর তাই জেল থেকে ছাড়া পাওয়ার সময় আমি তা ফেরত পেয়েছি,” দাবি করেন দু বছর আগের লর্ডস টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া সালমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৫ঘ.
bdnews24