ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার স্পিন-কিংবদন্তী শেন ওয়ার্ন মনে করেন, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ‘অহংবোধ’ কেভিন পিটারসেনকে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করেছে।
ওয়ানডে থেকে অবসর নিতে চাইলেও টি-টোয়েন্টি খেলতে চেয়েছিলেন পিটারসেন। কিন্তু ইসিবি জানায় খেলতে চাইলে পিটারসেনকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অর্থাৎ দু ধরনের সীমিত ওভারের ক্রিকেটেই খেলতে হবে। যে কোনো একটি বেছে নেয়া যাবে না। তবে টেস্ট ক্রিকেটের ব্যাপারে তাদের কোনো বিধি-নিষেধ নেই।
দ্ ুবছর আগে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন পিটারসেন। ঐ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মানও ছিল ‘কেপি’র। অথচ সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছাড়াই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে হবে ইংল্যান্ডকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজেও খেলবেন না পিটারসেন। এই ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যানের কাউন্টি দল হ্যাম্পশায়ারের অধিনায়ক ওয়ার্নের বিশ্বাস, এর ফলে ইংল্যান্ডেরই ক্ষতি হবে।
‘দ্য ইনডিপেন্ডেন্ট’ পত্রিকাকে ওয়ার্ন বলেন, “কেভিন পিটারসেনের মতো ক্রিকেটারকে হারানো যে কোনো দলের জন্যই বিশাল ক্ষতি। সে একজন ম্যাচ উইনার। তাই তার অনুপস্থিতি অবশ্যই এক বড় ক্ষতি।”
“এটা আমাকে ভীষণ পীড়া দিচ্ছে। ইসিবি এ ব্যাপারে কোনো সমঝোতার চেষ্টা না করায় আমি খুবই অবাক হয়েছি। আমার মনে হয় ইসিবির অহেতুক অহংবোধ ছাড়া এটা আর কিছুই নয়,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫৫ঘ.
bdnews24