ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজস্ব দুর্নীতি দমন নীতিমালা প্রণয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১৫ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার কুয়ালালামপুরে আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সোমবার আইসিসির প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভায় প্রত্যেক সদস্য দেশের নিজস্ব দুর্নীতি দমন নীতিমালা তৈরি ও প্রয়োগের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখনো নিজস্ব নীতিমালা তৈরি না করায় দেশ দুটির ক্রিকেট বোর্ডকে অবিলম্বে নীতিমালা প্রণয়নের নির্দেশ দেয়ার জন্য আইসিসি বোর্ডকে পরামর্শও দেয় সিইসি। সেই পরামর্শ অনুযায়ী ১৫ অগাস্টের মধ্যে দেশ দুটিকে নিজস্ব নীতিমালা তৈরি ও প্রয়োগের নির্দেশ দিয়েছে আইসিসি বোর্ড।
সভায় আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) বাধ্যতামূলক করার উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন বিশ্ব ক্রিকেটের নীতি-নির্ধারকরা। সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করতে ডিআরএসে বল-ট্র্যাকিং ও থারমাল ইমেজিং টেকনোলজি ব্যবহারের কথা বলা হয়েছিল এবার। ভারতের প্রবল বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখছে না।
যদিও সোমবারের সভায় ডিআরএস বাধ্যতামূলক করার পক্ষে নিজেদের অঙ্গীকারের কথা জানিয়ে নির্বাহী বোর্ডকে ডিআরএস প্রযুক্তির একটি নতুন ও সফল পরীক্ষার পরামর্শ দিয়েছিলো সিইসি।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “দ্বি-পাক্ষিক সিরিজে দুই বোর্ডের সিদ্ধান্তে ডিআরএস ব্যবহার করার বর্তমান ব্যবস্থাপনা বজায় রাখতে সম্মত হয়েছে আইসিসি বোর্ড।”
তবে ওয়ানডে ক্রিকেটে দুটি বাউন্সার ও পাওয়ার প্লের বিন্যাসে পরিবর্তনের ব্যাপারে আইসিসি বোর্ড সম্মতি দিয়েছে।
এছাড়া দুর্নীতির দায়ে দানিশ কানেরিয়া ও মারভিন ওয়েস্টফিল্ডকে ইসিবির ডিসিপ্লি¬নারি কমিটির নিষিদ্ধ করার সিদ্ধান্তও সমর্থন করেছে আইসিসি। সেই সঙ্গে প্রত্যেক সদস্যকে এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানানোর অনুরোধও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.
bdnews24