২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাফীসের জাতীয় দলে ফেরার লড়াই

গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন শাহরিয়ার নাফীস। এখন তার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব দলে ফেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন শাহরিয়ার নাফীস। এখন তার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব দলে ফেরা। ভারতে আগামী ২৪ জুলাই থেকে শুরু হতে যাওয়া শফি ধর্সা টুর্নামেন্টে ভালো খেলে ফেরার ব্যাপারে দারুণ আশাবাদী এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। সোমবার ‘এ’ দলের অনুশীলন শেষে সেই আশাবাদই ফুটে উঠলো বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়কের কণ্ঠে। তিনি বলেন, “লক্ষ্য অবশ্যই জাতীয় দলে ফেরা। ভারতের টুর্নামেন্টটি একটি ভালো সুযোগ। অবশ্যই সুযোগটা কাজে লাগাতে চাই।” “ভালো খেললে যে কোনো সময়েই জাতীয় দলে ফেরার সুযোগ থাকে। ভালো খেলেই আবার বাংলাদেশ দলে জায়গা করে নিতে চাই,” যোগ করেন নাফীস। একই লক্ষ্য আরেক বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের। কিছু দিন আগেও জাতীয় দলের নিয়মিত সদস্য ইমরুলের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। তিনি বলেন, “বিপিএলে ভালো খেলতে পারিনি বলে জিম্বাবুয়ে সফরে যেতে পারিনি। তবে তাতে হতাশ না হয়ে পরবর্তী সুযোগগুলো কাজে লাগাতে চাই।” ব্যাঙ্গালোর ও মহিশুরে অনুষ্ঠেয় শফি ধর্সা টুর্নামেন্টের জন্য কয়েক দিন আগে ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল তিনটি ম্যাচ খেলবে। ফাইনালে উঠতে পারলে চারটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৬ঘ.