ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরে সান্ত্বনার জয়টাও পেল না ওয়েস্ট ইন্ডিজ। বড় স্কোর গড়েও একমাত্র টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে অতিথিরা।
এর আগে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজিও হারে ওয়েস্ট ইন্ডিজ।
নটিংহামের ট্রেন্টব্রিজে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯ ওভার ৪ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানেই কিস ওয়েটারের (৩) বিদায়ে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে ১৫ ওভার ৫ বলে রবি বোপারার সঙ্গে আল্ক্সে হালেসের ১৫৯ রানের জুটি স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেয়। ইংল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বড় জুটি।
১৯ ওভারের শেষ বলে ব্যক্তিগত ৯৯ রানে হালেসের বিদায়ে একটা ধাক্কা খায় ইংল্যান্ড। এক রানের জন্য শতক না পেলেও ইংল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখন হালেসের। তার ৬৮ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা।
দুই রান পরেই বোপারা তকে অনুসরণ করলে বেশ অস্বস্তি¡তে পড়ে যায় স্বাগতিকরা। ৪৪ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ রান করেন বোপারা। জয়ের জন্য শেষ ৩ বলে দুই রান প্রয়োজন ছিল স্বগতিকদের। ফিদেল এডওয়ার্ডসের মিস ফিল্ডিংয়ের কারণে লড়াইয়ের শেষ সুযোগটা হারায় অতিথিরা।
এর আগে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেও ভালো হয়নি। চতুর্থ উইকেটে ৯ ওভারে ডোয়াইন ব্রাভোর সঙ্গে ডোয়াইন স্মিথের (৭০) ৭৭ রানের জুটি ধাক্কা সামাল দেয়। স্মিথের ৫৪ বলের ইনিংসে ৫টি করে চার ও ছক্কা।
পঞ্চম উইকেটে কাইরন পোলার্ডের (১৩ বলে ২৩ রান) সঙ্গে ৪ ওভার ৪ বলে দলকে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি উপহার দেন ব্রাভো। শুরুতে সাবধানী ব্যাটিং করা ব্রাভো শেষ পর্যন্ত ৩৬ বলে ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৪ রানে অপরাজিত থাকেন।
১২ ওভার শেষে ৩ উইকেটে ৬৫ রান করা অতিথিরা শেষ ৮ ওভারে স্মিথকে হারিয়ে সংগ্রহ করে ১০৭ রান।
ওয়েস্ট ইন্ডিজ: ১৭২/৪ (স্মিথ ৭০, গেইল ২, সিমন্স ৬, স্যামুয়েলস ৪, ব্রাভো ৫৪*, পোলার্ড ২৩*; ফিন ২/২২, সোয়ান ১/৩২, ব্রড ১/৩৩)
ইংল্যান্ড: ১৭৩/৩ (কিসওয়েটার ৩, হালেস ৯৯, বোপারা ৫৯, মর্গান ২*, বাটলার ০*; রামপল ২/৩৭, স্যামুয়েলস ১/১৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৮ ঘ.
bdnews24