ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমার সাঙ্গাকারার দুর্ভাগ্য, মাত্র এক রানের জন্য দ্বি-শতকের দেখা পাননি। তবে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের হতাশার দিনে শ্রীলঙ্কা সাফল্যের আলোয় রঙিন। প্রথম ইনিংসে ৪৭২ রান করার পর ৪৮ রানেই পাকিস্তানের ৫ উইকেট ফেলে দিয়েছে স্বাগতিকরা। গল টেস্টের দ্বিতীয় দিন শেষে তাই ভীষণ চাপের মধ্যে অতিথিরা।
২ উইকেটে ৩০০ রান নিয়ে দিন শুরু করার সময় ক্রিজে সাঙ্গাকারার সঙ্গী ছিলেন মাহেলা জয়াবর্ধনে। আগের দিনটা দারুণ কাটলেও শনিবারের শুরুটা মোটেই ভালো হয়নি শ্রীলঙ্কার।
দিনের অষ্টম ওভারেই জয়াবর্ধনেকে বোল্ড করে দেন টেস্ট র্যাংকিংয়ের দুই নম্বর বোলার সাঈদ আজমল। সাঙ্গাকারার সঙ্গে ১২৪ রানের জুটি গড়া শ্রীলঙ্কার অধিনায়কের অবদান ৬২ রান।
৬ ওভার পর স্বাগতিকদের জন্য জোড়া ধাক্কা, আজমলের পর পর দুই বলে থিলান সামারাবীরা ও সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস আউট। ৩৩৫/৫ স্কোরে দাঁড়িয়ে শ্রীলঙ্কানরা তখন বেশ বিব্রত।
উইকেট রক্ষক প্রসন্ন জয়াবর্ধনেকে নিয়ে সাঙ্গাকারার ৮০ রানের জুটিতে পরিস্থিতির খানিকটা উন্নতি হয় অবশ্য। জুটিটা ভাঙ্গেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ হাফিজ, ৪৮ রান করা প্রসন্নকে কট বিহাইন্ড করে।
এরপর একাই লড়াই করেছেন সাঙ্গাকারা। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে অবিচল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আজমলকে ছক্কা মেরে দ্বি-শতকও উদযাপন করেন। কিন্তু তখন সতীর্থরা তাকে জানিয়ে দেন তার রান ২০০ নয়, ১৯৯!
ঐ ওভারের শেষ বলে এক রান নিয়ে স্ট্রাইক ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন সাঙ্গাকারা। কিন্তু তিনি ব্যর্থ হওয়ায় পরের ওভারে শেষ ব্যাটসম্যান নুয়ান প্রদীপকে পেয়ে যান হাফিজ। আর হাফিজের দ্বিতীয় বলেই প্রদীপ বোল্ড এবং সাঙ্গাকারার দ্বি-শতকের স্বপ্নের সলিল সমাধি!
আর একটি রান পেলে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার দ্বি-শতক করা ক্যারিবীয়-কিংবদন্তী ব্রায়ান লারার পাশে দাঁড়াতে পারতেন সাঙ্গাকারা। তবু ৫৬২ মিনিট স্থায়ী, ৩৮৭ বলে ১৮টি চার ও দুটি ছক্কায় গড়ে ওঠা ইনিংসটি এক কথায় অনবদ্য।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র এক জনকেই ১৯৯ রানে অপরাজিত থাকার হতাশায় পুড়তে হয়েছিলো - ২০০১ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে।
৫ উইকেট নিলেও সেজন্য আজমলের খরচ ১৪৬ রান। টেস্টে এটি তার ষষ্ঠ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।
সাঙ্গাকারার এক রানের দুঃখ ভুলিয়ে দিতে অবশ্য দেরি করেননি শ্রীলঙ্কার বোলাররা। ইনিংসের পঞ্চম ওভারেই পর পর দুই বলে তৌফিক উমর আর আজহার আলীকে ফিরিয়ে দেন নুয়ান কুলাসেকারা।
হাফিজ ও ইউনুস খান ২৬ রানের জুটি গড়ার পর আবার জোড়া ধাক্কা, সুরাজ রানদিভের পর পর দুই বলে হাফিজ আর ‘নৈশ প্রহরী’ আজমল আউট। তবে কুলাসেকারার মতো রানদিভও হ্যাটট্রিকের আনন্দে মেতে উঠতে পারেননি।
দিনের শেষ ভাগে আবার আঘাত, রঙ্গনা হেরাথের বলে আসাদ শফিক কট বিহাইন্ড। পাকিস্তানের সামনে তাই ফলো-অনের চোখ রাঙানি। প্রতিপক্ষকে আবার ব্যাট করতে পাঠাতে আরো ২২৫ রান প্রয়োজন তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৪৭২ (পারানাভিতানা ২৪, দিলশান ১০১, সাঙ্গাকারা ১৯৯*, জয়াবর্ধনে ৬২, সামারাবীরা ৬, ম্যাথুস ০, প্রসন্ন ৪৮, রানদিভ ৮, কুলাসেকারা ০, হেরাথ ০, প্রদীপ ০; আজমল ৫/১৪৬, হাফিজ ৩/৫৫, রেহমান ১/১২৬)
পাকিস্তান প্রথম ইনিংস : ৪৮/৫ (হাফিজ ২০, তৌফিক ৯, আজহার ০, ইউনুস ১৫*, আজমল ০, শফিক ০, আইয়ুব ১*; রানদিভ ২/৫, কুলাসেকারা ২/১৫, হেরাথ ১/৯)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৩৩ঘ.
bdnews24