২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান যুবরাজ

শতভাগ ফিটনেস ফিরে পেতে হালকা অনুশীলন শুরু করেছেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শতভাগ ফিটনেস ফিরে পেতে হালকা অনুশীলন শুরু করেছেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান তিনি। গত বছর ফুসফুসে টিউমার ধরা পড়ে যুবরাজের। দুই মাস আগে যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি শেষ হওয়ার পর একটু-একটু করে শক্তি ফিরে পাচ্ছেন বলে জানিয়েছেন যুবরাজ। আইসিসির ‘ক্রিকেট ৩৬০’ টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, “আমার মনে হয় (টি-টোয়েন্টি বিশ্বকাপে) শিরোপা জয়ে ভারতকেই সবচেয়ে এগিয়ে রাখতে হবে। কারণ ভারতীয় দলেই সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যানরা আছে। আশা করি তার আগেই আমি দলে ফিরতে পারবো।” “আমি এরই মধ্যে ৬/৭টি সেশনে হালকা অনুশীলন ও যোগ ব্যায়াম করেছি। আমি এখন সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি,” যোগ করেন যুবরাজ। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের অন্যতম রূপকার যুবরাজ গত নভেম্বর থেকে জাতীয় দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করলেও এখনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার দিনক্ষণ জানাননি তিনি। ২০০৭ টি-টেয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা হাঁকানো যুবরাজ এ প্রসঙ্গে বলেন, “মাঠে ফেরার সময়সীমার কথা বলতে পারছি না। তবে ৭৫ শতাংশ সুস্থ হয়েও আমি ফিরতে চাই না। যেদিন বুঝবো আমি শতভাগ ফিট নিশ্চিতভাবে সেদিনই মাঠে ফিরবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৭ঘ.