২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে দক্ষিণ আফ্রিকার হার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। প্রতিযোগিতায় এটি তাদের দ্বিতীয় জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। প্রতিযোগিতায় এটি তাদের দ্বিতীয় জয়। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৭৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভার ২ বলে ১৪৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানেই অধিনায়ক হাশিম আমলার (১১) বিদায়ে বড় একটা ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। রিচার্ড লেভির (৪০) সঙ্গে কলিন ইনগ্রামের ৫৪ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। আগের ওভারে প্রসপার উৎসেয়া লেভিকে বিদায় করার পর দশম ওভারে জোড়া আঘাতে জাস্টিন অনটং (৪) ও ড্যান ভিলাসকে (০) বিদায় করে অতিথিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন গ্রেম ক্রেমার। এরপর জেপি ডুমিনি (৬), আলবি মরকেল (১০), রবিন পিটারসনের (১৩) দ্রুত বিদায় দলের বিপদ আরো বাড়ায়। দলীয় ১৪০ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ইনগ্রামের (৪৮) বিদায়ে শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। তার বিদায়ের পর দেড়শও করতে পারেনি আগের ম্যাচে বাংলাদেশকে ৩৯ রানে হারানো দলটি। জিম্বাবুয়ের পক্ষে ক্রিস্টোফার পোফু ও ক্রেমার ৩ করে উইকেট নেন। এর আগে মাসাকাদজার ঙ্গে সিবান্দার ১১৪ রানের উদ্বোধনী জুটি জিম্বাবুয়েকে দারুণ সূচনা এনে দেয়। রবিন পিটারসনের বলে ইনগ্রামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরার আগে ৫৫ রান করেন মাসাকাদজা। তার ৩৯ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা। এরপর বেশিক্ষণ টেকেন নি সিবান্দাও। ওয়েইন পার্নেরের বলে সোতসোবের হাতে ক্যাচ দেয়ার আগে ৫৮ রান করেন তিনি। তার ৫০ বলের ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা। ১৬ তম ওভারে জোড়া আঘাতে সিবান্দা ও এল্টন চিগুম্বুরাকে (০) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন। সেখান থেকে ২১ বলে ৩৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি গড়ে দেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। ৩৩ রানে ২ উইকেট নিয়ে পার্নেল দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৬ ঘ.