ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক অ্যালিস্টার কুকের শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
লীডসে ২২ জুন তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবে দুই দল।
লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৫ ওভারে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে ইয়ান বেলের (৫৩) সঙ্গে কুকের ১২২ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের সহজ জয়ের ভিত গড়ে দেয়।
দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের সঙ্গে ৮১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন কুক। দলকে খুব ভালো অবস্থানে রেখে বিদায় নেয়ার আগে ১১২ রান করেন কুক। এটি তার ক্যারিয়ারের পঞ্চম শতক আর চলতি বছরে তৃতীয়। তার ১২০ বলের ইনিংসে ১৩টি চার ও ১টি ছক্কা।
এ নিয়ে টানা ছয় ম্যাচে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যানদের কেউ না কেউ শতক পেলেন।
রবি বোপারাকে (১৮*) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ট্রট। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি।
৪৬ রানে ২ উইকেট নিয়ে অধিনায়ক ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
এর আগে এক বছরেরও বেশি সময় পরে দেশের হয়ে খেলতে নামা উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের স্বভাব সুলভ আক্রমণাত্মক ব্যাটিংয়ের পরও প্রথম দিকে রান তুলতে রীতিমত সংগ্রাম করতে হয়েছে অতিথিদের।
দলীয় ৬৩ রানে গ্রায়াম সোয়ানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেয়ার আগে ৫৩ রান করেন গেইল। তার ৫১ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা। বিনা উইকেটে ৬৩ থেকে এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭৯/৪।
পঞ্চম উইকেটে কাইরন পোলার্ডের (৪১) সঙ্গে ডোয়াইন ব্রাভোর ১০০ রানের জুটি ধাক্কা সামলে অতিথিদের বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। পোলার্ডের বিদায়ের পর স্যামির (২১) সঙ্গে ৪১ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন ব্রাভো।
দলীয় ২৩২ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৭৭ রান করে ব্রাভো। তার ৮২ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা।
শেষ ৫ ওভারে ১৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় অতিথিরা।
ইংল্যান্ডের বিপক্ষে জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩১৩ ঘ.
bdnews24