ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপিএলে সিলেট রয়্যালসের হয়ে খেলে যাওয়া ব্যাটসম্যান টম মেনার্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে ক্রিকেট বিশ্ব শোকে আচ্ছন্ন। সমবেদনা জানিয়ে তার পরিবারকে বার্তা পাঠিয়েছেন অনেকেই। সেই সব সমব্যথীর প্রতি ধন্যবাদ জানালেও এই বিপর্যস্ত অবস্থায় একটু নিভৃতেই থাকতে চাইছে মেনার্ডের পরিবার।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “সোমবার সকালে মেনার্ডের দুঃখজনক মৃত্যুর পর সমবেদনা জানিয়ে যারা বার্তা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে মেনার্ডের পরিবার। এই ভয়ঙ্কর আঘাতে তার পরিবার ভীষণ বিপর্যস্ত। এই কঠিন সময় তারা একান্তে নিজেদের মধ্যে কাটাতে চায়।”
ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ম্যাথু মেনার্ডের ছেলে ২৩ বছর বয়সী টম মেনার্ড ছিলেন স্বদেশের অন্যতম প্রতিশ্র“তিশীল ব্যাটসম্যান।
সোমবার সকালে লন্ডনের দক্ষিণ-পশ্চিম উইম্বলডন পার্ক স্টেশনের কাছাকাছি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় মেনার্ডের মার্সিডিজ গাড়ির। এতে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৪ঘ
bdnews24