২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 11:06 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক হাশিম আমলার অপরাজিত অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ২০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত অর্ধশতকের পরও ৮ উইকেটে ১৭০ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানেই আনামুল হককে হারালেও বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন মোহাম্মদ আশরাফুল। দলীয় ৪৮ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে তিনি করেন ৩৩ রান। এক রান পরেই জহুরুল ইসলাম (১২) ও নাসির হোসেন (০) আশরাফুৃলকে অনুসরণ করলে অস্বস্তে¡তে পড়ে বাংলাদেশের। পঞ্চম উইকেটে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৩৪) সঙ্গে মুশফিকের ৬১ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিলেও ততক্ষণে খেলায় চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত মুশফিকের ৫০ রানের সুবাদে দেড়শ পেরোয় বাংলাদেশ। তার ৩২ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা। এর আগে ব্যাট করতে নেমে রিচার্ড লেভির সঙ্গে আমলার ৬ ওভার ২ বল স্থায়ী উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সূচনা এনে দেয়। দলীয় ৭০ রানে জিয়ার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ফিরতি ক্যাচ দিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে লেভি করেন ৩৭ রান। তার ২১ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা। দ্বিতীয় উইকেটে কলিন ইনগ্রামের সঙ্গে ৭ ওভারে ৬৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন আমলা। দলীয় ১৩৫ রানে মুশফিকের দক্ষতায় রান-আউট হয়ে সাজঘরের পথ থরার আগে ২৯ রান করে ইনগ্রাম। এর পর তৃতীয় উইকেটে আলবি মরকেলের (২২) সঙ্গে আমলার ৫০ রানের আরেকটি জুটি দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেয়। শেষ পর্যন্ত ৮৮ রানে অপরাজিত থাকেন আমলা। তার ৫৩ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা। মাত্র ৭ বলে ২৩ রানের এক ঝড়ো ইনিংস খেলেন জেপি ডুমিনি। বেশ কয়েটি ক্যাচ হাতছাড়া করে বোলারদের কাজ আরো কঠিন করে তুলেন বাংলাদেশের ফিল্ডাররা। বাংলাদেশের পক্ষে জিয়া ও মাশরাফি বিন মর্তুজা একটি করে উইকেট নেন। এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১১ রানে হারে বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২০৯/৩ (লেভি ৩৭, আমলা ৮৮*, ইনগ্রাম ২৯, মরকেল ২২, ডুমিনি ২৩*; জিয়া ১/২৮, মাশরাফি ১/৪৪) বাংলাদেশ: ১৭০/৮ (আনামুল ১, আশরাফুল ৩৩, জহুরুল ১২, মুশফিক ৫০*, নাসির ০, মাহমুদুল্লাহ ৩৪, জিয়া ১৯, মাশরাফি ৮, হাসান ১, সানি ০* ; পিাটারসন ২/১৬, ডি ল্যাঙ্গ ২/৩৩, সোতসোবে ১/২৫, মরকেল ১/২৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৪১ ঘ.