২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের চোট বাড়িয়ে দিলো উদ্বেগ

জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এমনিতেই চাপের মধ্যে বাংলাদেশ। দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে তামিম ইকবালের চোট। উরুর চোটের কারণে মঙ্গলবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না এই আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এমনিতেই চাপের মধ্যে বাংলাদেশ। দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে তামিম ইকবালের চোট। উরুর চোটের কারণে মঙ্গলবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন না এই আক্রমণাত্মক উদ্বোধনী ব্যাটসম্যান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তামিম নিজেই জানিয়েছেন, “চোটের কারণে কালকের (মঙ্গলবার) ম্যাচ খেলতে পারবো না। ২১ জুন জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সম্ভাবনাও শতকরা ৫০ ভাগ। আমি চাই না এই চোট বেড়ে যাক। চোট নিয়ে দেশেও ফিরতে চাই না।” বেশ কিছু দিন ধরেই এই চোট ভোগাচ্ছে তামিমকে। তামিমের অনুপস্থিতিতে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পারেন ১৯ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান আনামুল হক। শক্তির বিচারে জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আইপিএলে খেলে আসা এবি ডি ভিলিয়ার্স, মর্নে মরকেল, জ্যাক ক্যালিস ও ডেল স্টেইনকে বিশ্রাম দিয়েছে তারা। চোটের কারণে নেই ইয়োহান বোথাও। তবু এই টুর্নামেন্টে তারাই সবচেয়ে শক্তিশালী দল। তামিম বিহীন বাংলাদেশের তাই কঠিন পরীক্ষা মঙ্গলবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩৬ঘ.